রোজায় মধ্যপ্রাচ্যে ফেসবুকের ব্যবহার বাড়ে ৫ শতাংশ
রমজান মাসে মধ্যপ্রাচ্যের মুসলিমরা কেবল আল্লাহর নৈকট্যই লাভ করে না, ফেসবুক এবং ইউটিউবেও সময় কাটান বেশি। এই মাসে তারা ফেসবুকে ব্যয় করেন প্রায় ৫৮০ লাখ ঘণ্টা। ইউটিউবে ত্বক চর্চার টিপস, রেসিপি, খেলাধূলা এবং নাটক দেখা হয় বেশি।
রয়টার্স-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ফেসবুক’র ব্যবস্থাপনা পরিচালক (মধ্যপ্রাচ্য ও অফ্রিকা) রামিজ শাহেদি। তিনি জানিয়েছেন, ব্যবহারকারীর উপস্থিতির কারণে এসময়টায় ইনস্ট্রাগ্রম, গুগল, ইউটিউব’র ব্যবসায় চাঙ্গা হয়। দীর্ঘ রাত পর্যন্ত তারা ফেসবুকে থাকেন। বিশেষ করে সাহরি ও ইফতারের আগে সময় ব্যয় করেন বেশি।
ইন্টারনাল ডেটা উপস্থাপন করে রামিজ বলেন, অন্য মাসের তুলনায় রমজান মাসে ৫ শতাংশ বেশি সময় ফেসবুকে ব্যয় করেন মধ্যপ্রাচ্যের নাগরিকরা। এই মাসে ২০ লক্ষ ঘণ্টা অতিরিক্ত ব্যয় করায় ফেসবুকে তারা ব্যয় করেন প্রায় ৫৮০ লাখ ঘণ্টা।
এ কারণেই রজমানে এই অঞ্চলে বিজ্ঞাপনের চাপটাও বেড়ে যায় বলে জানান ফেসবুকের এই কর্মকর্তা। তিনি জানান, গুগল’র হিসাবে সেখানে ইউটিউবে টিভির অনুষ্ঠান এবং ধারাবাহিক নাটক দেখার পরিমাণ ১৫১ শতাংশ বেড়ে যায়।
রোজার মাসে মোট কত ঘণ্টা ইউটিউব দেখা হয় সেই তথ্য প্রকাশ না করলেও গুগল জানিয়েছে, মিশর, সাউদি আরব এবং আরব আমিরাতে খেলা দেখার হার ২২ শতাংশ বাড়ে। আর সর্বোচ্চ ৩০ শতাংশ বাড়ে ভ্রমণের ভিডিও দেখার পরিমাণ। একইসঙ্গে অ্যাকশন গেম, সিম্যলেশন এবং ভিডিও গেমের ব্যবহার বাড়ে ১০-১২ শতাংশ। অবশ্য এর বাইরে ধর্মীয় ভিডিও দেখার পরিমাণ বাড়ে ২৭ শতাংশ।